বোয়ালমারীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১৭:৩৭
বোয়ালমারীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ফরিদপুরের বোয়ালমারীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে।


রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পাঁচ ঘন্টা ব্যাপী দফায় দফায় উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ধুলজোড়া ব্রিজ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। মুমূর্ষ অবস্থায় বেশ কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।


পুলিশ ও এলাকাবাসী ‍সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরমেশ্বরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানকারী আব্দুল মান্নান মাতুব্বর এবং পার্শ্ববর্তী সালথা উপজেলার খাড়দিয়া গ্রামের বিএনপি নেতা মুশফিক বিল্লাহ জিহাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর ধারাবাহিকতায় গত শনিবার (২৯ আগস্ট) জিহাদ গ্রুপের সোলায়মান মাতুব্বর বাজার করতে ময়েনদিয়া বাজারে আসলে তার ওপর হামলা করে প্রতিপক্ষের লোকজন। হামলায় সোলায়মান মাতুব্বর মারাত্মক আহত হন। খবর পেয়ে মুশফিক বিল্লাহ জিহাদ ঘটনাস্থলে এসে আহত সোলায়মানকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এর কিছুক্ষণ পর দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মুশফিক বিল্লাহ্ জিহাদের ওপরও অতর্কিত হামলা চালানো হয়। এতে তিনি মারাত্মক রক্তাক্ত জখম হন। পরমেশ্বরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মান্নান মাতুব্বর ও নটখোলা গ্রামের তারা মিয়ার নেতৃত্ব মান্নান মাতুব্বরের ছেলে মাসুদ রানা ও মজনু মাতুব্বর, স্থানীয় ‍যুবলীগ নেতা পান্নু মাতুব্বর, কুদ্দুস মাতুব্বরের ছেলে ফারুক মাতুব্বর ও মারুফ মাতুব্বর, ইয়াসিনসহ দেশীয় অস্ত্রে সজ্জিত ১০/১২ জনের একটি দুবৃর্ত্ত দল এই হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


এ ঘটনার জের ধরে রবিবার (৩০ আগস্ট) বিকেলে মান্নান মাতুব্বরের লোকজন পরমেশ্বরদী গ্রামের ছরোয়ার খাঁর বাড়িতে হামলা ও ভাংচুর চালায়। এসময় ছরোয়ার খাঁর বাড়ি থেকে পাট ও পেঁয়াজ লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন ছরোয়ার খাঁ। পরবর্তীতে খাড়দিয়া গ্রামের হুমায়ন খাঁ, রফিক মোল্যা ও ইলিয়াস কাজী তাদের লোকজন নিয়ে হামলা ও লুটপাট প্রতিহত করতে গেলে প্রতিপক্ষ মান্নান মাতুব্বর গ্রুপের লোকজনদের সাথে ধুলজোড়া ব্রিজের নিকট সংঘর্ষের সৃষ্টি হয়। এতে উভয়গ্রুপের কমপক্ষে ২০ জন আহত হয়। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে গুরুতর আহত পরমেশ্বরদী গ্রামের বাচ্চু মোল্যার ছেলে কবির মোল্যা, হাশেম মোল্যার ছেলে কামরুল মোল্যা, মনসুর মোল্যার ছেলে লোকমান মোল্যাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের হাসপাতালে অনেকেই চিকিৎসাধীন রয়েছে।


এ বিষয়ে বক্তব্য জানতে উভয় পক্ষের নেতৃত্বদানকারী কাউকে পাওয়া যায়নি। তাদের মোবাইল নাম্বারও বন্ধ পাওয়া যায়।


এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ইজাজ আহমেদ শাওন বলেন, সন্ধ্যার পর বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো সম্ভব হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


বিবার্তা/মিলু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com