ঘাটাইল হাসপাতালের সরকারি ওষুধ ভর্তি ট্রাক ভূঞাপুরে আটক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ২২:৫১
ঘাটাইল হাসপাতালের সরকারি ওষুধ ভর্তি ট্রাক ভূঞাপুরে আটক
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নেওয়া বিপুল পরিমাণ সরকারি ওষুধভর্তি একটি ট্রাক ভূঞাপুরের গোবিন্দাসী টি-রোড এলাকায় স্থানীয় জনতার হাতে আটক হয়েছে। পরে ট্রাকটি ভূঞাপুর থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে ট্রাক ও এতে থাকা সরকারি ওষুধ পুলিশের হেফাজতে রয়েছে।


বুধবার (২৬ আগস্ট) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি ট্রাকে করে বিপুল পরিমাণ সরকারি ওষুধ ভূঞাপুর উপজেলার গোবিন্দাসীর দিকে নেওয়া হচ্ছিল। ট্রাকটি গোবিন্দাসী টি-রোড এলাকায় পৌঁছালে স্থানীয় কয়েকজনের সন্দেহ হয়। তারা ট্রাকটি থামিয়ে ভেতরে থাকা মালামাল সম্পর্কে চালক ও সংশ্লিষ্টদের কাছে জানতে চান।


ট্রাকের ভেতরে বিপুল পরিমাণ সরকারি ওষুধ রয়েছে জানতে পেরে স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে সন্দেহ ও আলোচনা তৈরি হয়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে ট্রাকটি ভূঞাপুর থানায় নেওয়া হয়।


আটক ট্রাকে ঠিক কী পরিমাণ ওষুধ রয়েছে এবং সেগুলোর মধ্যে কী কী ধরনের সরকারি ওষুধ রয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে সরকারি হাসপাতাল থেকে ওষুধগুলো অন্যত্র নেওয়ার বিষয়টি নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।


স্থানীয়দের প্রশ্ন, সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বরাদ্দ করা এসব ওষুধ কোথায় নেওয়া হচ্ছিল, কী উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে তা পরিবহন করা হচ্ছিল কি না। সরকারি ওষুধ পরিবহনের ক্ষেত্রে যথাযথ নিয়ম ও দাপ্তরিক অনুমোদন অনুসরণ করা হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন তারা।


ঘটনাটি জানাজানি হওয়ার পর ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীলদের ভূমিকা নিয়েও আলোচনা শুরু হয়েছে। তবে সরকারি ওষুধ পরিবহনের পেছনে প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।


ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, ওষুধসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। তদন্তের পর প্রকৃত ঘটনা উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


পুলিশ জানিয়েছে, আটক ট্রাক ও ওষুধের বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হচ্ছে। সরকারি ওষুধ নিয়ম মেনে পরিবহন করা হচ্ছিল নাকি কোনো অনিয়মের মাধ্যমে অন্যত্র নেওয়া হচ্ছিল তদন্ত শেষে বিষয়টি স্পষ্ট হবে।


সরকারি হাসপাতালের ওষুধ সাধারণ মানুষের চিকিৎসাসেবার জন্য বরাদ্দ হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা প্রকাশের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com