
টাঙ্গাইলের নাগরপুরে নিখোঁজের চার দিন পর মো. শামীম (২৩) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে শ্বাসরোধে হত্যার পর বস্তাবন্দি করে মাটিচাপা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অনিক (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার ভিকন ভাদ্রা এলাকা থেকে মাটি খুঁড়ে শামীমের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শামীম ভাদ্রা ইউনিয়নের পং ভাদ্রা গ্রামের বিল্লাল মল্লিকের ছেলে। তিনি সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট বিকেল ৪টার দিকে মোবাইল ফোনে ডেকে শামীমকে নিয়ে যান ভিকন ভাদ্রা গ্রামের আব্দুল জব্বারের ছেলে অনিক। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর ২৩ আগস্ট নাগরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা।
জিডির পর পুলিশ শামীমের মোবাইল ফোনের লোকেশন ও কললিস্ট বিশ্লেষণ করে সোমবার (২৪ আগস্ট) রাতে অনিককে তাঁর নিজ বাড়ি থেকে আটক করে। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনিক শামীমকে গামছা বা রশি দিয়ে শ্বাসরোধে হত্যার পর বস্তাবন্দি করে নিজের বাড়ির পাশে মাটিচাপা দেওয়ার কথা স্বীকার করেন।
পরে মঙ্গলবার সকালে অনিকের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই স্থানে মাটি খুঁড়ে বস্তাবন্দি অবস্থায় শামীমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ সময় অনিকের ঘর থেকে শামীমের ব্যবহৃত মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।
নিহতের বাবা বিল্লাল মল্লিক অভিযোগ করে বলেন, শামীম নিখোঁজ হওয়ার পর অনিক তাঁর ছেলের মোবাইল ফোন ব্যবহার করে ফোন দিয়ে ৩০ মিনিটের মধ্যে ১ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। পরে ফোনটি বন্ধ করে দেওয়া হয়। তিনি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অনিককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে। অনিক মাদকাসক্ত এবং মাদকের কারবারের সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে।
ওসি আরও জানান, নিহতের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত ছিল কি না, তা জানতে তদন্ত চলছে।
বিবার্তা/বাবু/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]