
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, একটি জাতিকে ধ্বংস করতে হলে সবার আগে তার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করতে হবে। ফ্যাসিবাদী সরকার সেই কাজটিই করেছে। একটি দেশে যত বেশি মেধার বিকাশ ঘটবে, মানুষ তত বেশি গণতন্ত্র, অর্থনীতি ও দেশের সমৃদ্ধি নিয়ে কথা বলবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন,দেশের মানুষকে যত বেশি মেধাহীন করা যাবে, তত বেশি দেশ নেশা ও দুর্নীতিতে ভরে যাবে। তখন দেশকে শোষণ ও লুটপাট করা সহজ হবে। বিগত ১৮ বছরে শেখ হাসিনা সরকার সেই কাজই করেছে।
দেশের বর্তমান অর্থনৈতিক ও জ্বালানি সংকট প্রসঙ্গে আহমেদ আযম খান বলেন, আজ অর্থনীতি তলানিতে, বিদ্যুতের সমস্যা, গ্যাসের সমস্যা এসব সমস্যা হওয়ার কথা নয়। আমাদের দেশ তেল-গ্যাসে সমৃদ্ধ। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) দেশের রাষ্ট্রীয় জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। কিন্তু সেই প্রতিষ্ঠানকেও ধ্বংস করে দেওয়া হয়েছে।
তিনি অভিযোগ করেন,ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার দেশের সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে এবং লুটপাট করেছে।
বর্তমান সরকারের উদ্যোগের কথা তুলে ধরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস উত্তোলনের জন্য ব্যবস্থা নিয়েছেন। আমরা বিদ্যুৎ উৎপাদনেরও ব্যবস্থা করছি। বর্তমানে যে সংকট চলছে, সেটি আমাদের তৈরি করা নয়। গত ১৮ বছরে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার এই সংকট তৈরি করে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সংকট নিরসনে গুরুত্বসহকারে কাজ করে যাচ্ছেন। অতি দ্রুত এই সংকটের সমাধান হবে, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন, মন্ত্রীর সহধর্মিণী নার্গিস সিদ্দিকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ, বাসাইল-সখীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম মামুনুর রশিদসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিবার্তা/বাবু /এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]