টাঙ্গাইলে তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে চালক-যাত্রীরা
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ১৬:৪২
টাঙ্গাইলে তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে চালক-যাত্রীরা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

টাঙ্গাইলে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। গ্যাসের চাপ কমে যাওয়া ও পর্যাপ্ত সরবরাহ না থাকায় সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের চালকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস নিতে হচ্ছে। এতে কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি কমে যাচ্ছে চালকদের আয়। একই সঙ্গে দুর্ভোগে পড়েছেন যাত্রীরাও।


শনিবার (১৫ আগস্ট) দুপুরে সরেজমিনে দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগরজালফৈ ও করটিয়ার ভাতকুরা এলাকার সিএনজি স্টেশনগুলোতে গ্যাস নেওয়ার জন্য দীর্ঘ সারিতে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য সিএনজি চালিত অটোরিকশা। দীর্ঘ সময় অপেক্ষা করেও পর্যাপ্ত গ্যাস না পাওয়ার অভিযোগ করেছেন অনেক চালক।


চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, গ্যাস নিতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকায় প্রতিদিনের কর্মঘণ্টার বড় একটি অংশ নষ্ট হচ্ছে। ফলে স্বাভাবিকভাবে গাড়ি চালাতে না পারায় আয়ও কমে যাচ্ছে। এর মধ্যে প্রতিদিন গাড়ির মালিককে নির্ধারিত টাকা জমা দেওয়ার পাশাপাশি সংসারের খরচ ও বিভিন্ন কিস্তি পরিশোধ করতে হচ্ছে।


সিএনজি চালক সাইফুল ইসলাম, নজরুল ইসলাম ও জিয়াউর রহমানসহ কয়েকজন বলেন,গ্যাস সংকটের কারণে ঠিকমতো গাড়ি চালাতে পারছি না। দিন শেষে মালিককে ৪০০ টাকা জমা দিতে হয়। এর ওপর সংসারের খরচ ও কিস্তি রয়েছে। এভাবে চলতে থাকলে সংসার চালানো কঠিন হয়ে পড়বে।


গ্যাস সংকটে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরাও। একাধিক যাত্রী জানান, সখীপুর থেকে সিএনজিতে টাঙ্গাইলের দিকে আসার পথে গ্যাস শেষ হয়ে যায়। পরে গ্যাস নিতে পাম্পে এসে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হচ্ছে।


এক যাত্রী বলেন, সখীপুর থেকে সিএনজিতে উঠেছি। এখানে এসে গ্যাস শেষ হয়ে গেছে। প্রচণ্ড রোদের মধ্যে প্রায় এক ঘণ্টা ধরে অপেক্ষা করছি, এখনো সিরিয়াল আসেনি। শিশুদের নিয়ে খুব কষ্ট হচ্ছে।


শুধু যানবাহন নয়, গ্যাসের সংকট দেখা দিয়েছে শহরের বিভিন্ন বাসাবাড়িতেও। থানাপাড়া, বটতলা, আকুর টাকুর পাড়াসহ বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকায় বিপাকে পড়েছেন বাসিন্দারা। রান্নাবান্না ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।


থানাপাড়া এলাকার বাসিন্দা হাবিব খান বলেন, সকাল থেকেই বাসায় গ্যাস নেই। রান্না বন্ধ রয়েছে। বাচ্চাদের নিয়ে খুব কষ্টে আছি। একই ধরনের অভিযোগ করেন বটতলা এলাকার বাসিন্দা জোনায়েদ মল্লিক বুলবুল। গ্যাস সংকটের বিষয়ে টাঙ্গাইল আঞ্চলিক অফিসের সহকারী প্রকৌশলী কামরুজ্জামানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


চালক ও সাধারণ মানুষের দাবি, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি সংকটের স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। অন্যথায় সংকট দীর্ঘস্থায়ী হলে যানবাহন চলাচল ও জনজীবনে ভোগান্তি আরও বাড়তে পারে।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com