
টাঙ্গাইলের কালিহাতীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ও ঠিকাদারের দ্বন্দ্বের কারণে একটি খালের ওপর সেতু নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজ শেষ না হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক গ্রামের মানুষ। বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে খাল পারাপার হচ্ছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের সাভার গ্রামের একটি খালের ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয় ২০১৯-২০ অর্থবছরে। ওই সময় নির্মাণকাজ শুরু হলেও কিছু কাজ করার পর ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ ফেলে চলে যায়। পরে ওই দরপত্র বাতিল করা হয়।
পরবর্তীতে ২০২৩-২৪ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ওই খালের ওপর সেতু নির্মাণের জন্য ৪১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। নতুন করে দরপত্রের মাধ্যমে সেতুটির নির্মাণকাজ পায় বুলবুল এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে কাজ শুরু করার পর তা শেষ না করেই দীর্ঘদিন ধরে নির্মাণকাজ বন্ধ রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
সেতুটি নির্মাণ না হওয়ায় স্থানীয়রা নিজেরাই বাঁশের সাঁকো তৈরি করে ঝুঁকি নিয়ে খাল পারাপার হচ্ছেন। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা। এছাড়া কোনো গ্রামবাসী মারা গেলে মরদেহ গোরস্থানে নেওয়ার সময়ও স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
কোকডহরা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল বাছেত বলেন, দীর্ঘদিন ধরে সাভার খালের ওপর সেতু নির্মাণ নিয়ে পিআইও ও ঠিকাদারের মধ্যে সমস্যা চলছে। দুই দফায় কাজ শুরু হলেও এখনো সেতুটির নির্মাণকাজ শেষ হয়নি। এ বিষয়ে পিআইওর কাছে গেলে তিনি ঠিকাদারের কথা বলেন। আবার ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করলে পিআইওর কাছে যেতে বলা হয়। দ্রুত সেতুটির নির্মাণকাজ শেষ করার দাবি জানান তিনি। ঠিকাদারি প্রতিষ্ঠান বুলবুল এন্টারপ্রাইজের স্বত্তাধিকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে কালিহাতী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তরিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে তিনি বলেন, তথ্যের জন্য আবেদন করতে হবে। সব জানি, মন্তব্য করব না। জানতে হলে টাঙ্গাইল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরওর) সঙ্গে যোগাযোগ করেন।
দীর্ঘদিন ধরে সেতুটির নির্মাণকাজ বন্ধ থাকায় দ্রুত বিষয়টি তদন্ত করে দায়ীদের চিহ্নিত এবং নির্মাণকাজ শেষ করার উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]