
নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করে টাঙ্গাইলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় শহরের হবিবুর রহমান প্লাজার একটি রেস্টুরেন্টে নারীপক্ষ ও সংশ্লিষ্ট অংশীদারদের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। স্থানীয় সম্পৃক্ততায় নারীর কর্মসংস্থান সম্প্রসারণ প্রকল্পের আওতায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় নারীর অর্থনৈতিক অধিকার, কর্মসংস্থান, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ, উদ্যোক্তা হিসেবে নারীর বিকাশ এবং সমাজে নারীর প্রতি বৈষম্য দূরীকরণে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য দেন স্থানীয় সম্পৃক্ততা নারী কর্মজীবী সংস্থার সহ-ব্যবস্থাপক লিপি লিলিয়ান রোজারিও, প্রকল্প পরিচালক রশনারা আক্তার, আরপিডির নির্বাহী পরিচালক রওশানা লিলি এবং টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর অধ্যক্ষ রাশেদুল ইসলাম।
বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন শুধু নারীদের উন্নয়নের বিষয় নয়; এটি দেশের সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির গুরুত্বপূর্ণ অংশ। নারীদের কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি তাদের অধিকার, সাফল্য ও সম্ভাবনাকে গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরতে হবে।
তারা আরও বলেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নারীকে কেবল ভুক্তভোগী হিসেবে উপস্থাপন না করে তার সাফল্য, সম্ভাবনা, নেতৃত্ব ও অর্থনৈতিক অবদানও গুরুত্বের সঙ্গে তুলে ধরা প্রয়োজন। এতে নারীর প্রতি সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হবে এবং নারীর ক্ষমতায়নের পথ আরও সুগম হবে।
মতবিনিময় সভায় টাঙ্গাইলের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। এ সময় নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা, স্থানীয় পর্যায়ে নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং এসব বিষয়ে সংবাদ প্রকাশের বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকরা মতামত তুলে ধরেন।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]