চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ১৪:৫৬
চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক আবুল কালাম আজাদ (টিমন) (৩৫) নিহত হয়েছেন।


বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দেওপাড়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত আবুল কালাম আজাদ (টিমন) নাচোল উপজেলার বান্দ্রা গ্রামের বাসিন্দা এবং মো. মহিবুর রহমানের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালাম আজাদ তার পাওয়ার টিলারচালিত ট্রলি গাড়িতে একটি ছাগল নিয়ে দেওপাড়া এলাকা থেকে নিজ বাড়ি বান্দ্রা গ্রামে ফিরছিলেন। পথে দেওপাড়া রেলক্রসিং অতিক্রম করার সময় রহনপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা ট্রেন দ্রুতগতিতে এসে তার ট্রলিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় তিনি ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় পাওয়ার টিলারটি দুমড়ে-মুচড়ে যায়।


দুর্ঘটনার খবর পেয়ে নাচোল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আইনানুগ কার্যক্রম শুরু করে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনার পর কিছু সময় এলাকায় উৎসুক জনতার ভিড় সৃষ্টি হলেও ওই রেলপথে ট্রেন চলাচল এবং সড়কপথে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।


নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘটনার বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


স্থানীয়রা জানান, দেওপাড়া রেলক্রসিংয়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও সচেতনতামূলক উদ্যোগ জোরদার করা হলে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে এড়ানো সম্ভব। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রেলক্রসিংয়ে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার দাবি জানান।


বিবার্তা/মোস্তাফিজুর/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com