
নরসিংদীর শিবপুরে সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শেখ মোহাম্মদ ইলিয়াস নামে এক যাত্রী নিহত হয়েছে। এসময় আরো চারজন আহত হয়েছেন।
বুধবার (৫ আগস্ট) দুপুরে ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক মহাসড়কের শিবপুর উপজেলার কুমড়াদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শেখ মোহাম্মদ ইলিয়াস শিবপুর উপজেলার বান্দারদিয়া এলাকার শেখ মোহাম্মদ ঈমাম উদ্দিনের ছেলে।
আহতরা হলেন, শিবপুর উপজেলার পুরান্দিয়া এলাকার আবুবকর সিদ্দিক (৬৫), দত্তেরগাঁও এলাকার পাবেল (৪৩), সাইদুর রহমান খান (৫০) এবং মনোহরদী উপজেলার খিদিরপুর এলাকার সিএনজি চালক হাদিস মিয়া (৩৪)। আহত চারজন বর্তমানে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা সবাই সিএনজি চালিত অটোরিকশার যাত্রী।
স্থানীয়রা জানান, ইটাখোলা থেকে মনোহরদীর দিকে যাচ্ছিল একটি সিএনজি চালিত অটোরিকশা। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকারের চাকা বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা পাঁচজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কোহিনূর মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একজনের মৃত্যুর খবর পেয়েছি, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিবার্তা/কামাল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]