
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সোমবার (৩ আগস্ট) রাতে রক্তক্ষয়ী সংঘর্ষের পর আজ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ছাত্রদলের অবস্থান নেওয়ার খবর পাওয়া গেছে।
অন্যদিকে, উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারির আবেদন জানিয়েছে প্রশাসন।
জানা যায়, গতকালের সংঘর্ষে ৫ জন গুরুতর আহতসহ অন্তত ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী আহত হন, যারা বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার জের ধরে আজ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও অভ্যন্তরীণ এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা ব্যাপক অবস্থান ও শোডাউন করে। ফলে প্রতিপক্ষ ছাত্রশিবিরের নেতাকর্মীদের ক্যাম্পাসে দেখা যায়নি।
উল্লেখ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান আজ তাজহাট থানায় এক অফিসিয়াল চিঠির মাধ্যমে জরুরি ভিত্তিতে ১৪৪ ধারা জারির অনুরোধ জানিয়েছেন।
মুহুর মুহুর স্লোগান ও প্রকম্পিত মহড়ায় বর্তমানে বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। গতকাল রাতের ধাওয়া-পাল্টা ধাওয়ার রেশ ধরে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ভিতরে বেরোবি ছাত্রদল ও বিশ্ববিদ্যালয়ের বাহিরে মহানগর ও জেলা ছাত্রদল অবস্থান নিয়েছে।
বিবার্তা/নাহিদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]