৪ কোটি টাকার সড়ক ও ব্রিজ ভাঙল উদ্বোধনের আগেই
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ১৯:০৫
৪ কোটি টাকার সড়ক ও ব্রিজ ভাঙল উদ্বোধনের আগেই
সাভার প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

বানাতে লেগেছে চার চারটা বছর, আর টিকে থাকলো মাত্র দুই দিন। উদ্বোধনের ফিতা কাটার আগেই ভেঙে পড়ে গেছে সাভারের ধামসোনার চার কোটি টাকার সড়ক ও ব্রিজ। সিমেন্ট-কংক্রিটের বদলে বাঁশের চাটাই আর কাঠের বেড়ার এমন অদ্ভুত কারসাজি দেখে স্থানীয়রা যেমন অবাক, তেমনি অসন্তোষ খোদ সরকারি কর্মকর্তাদের মাঝেও। কোটি টাকার বাজেটে হরিলুট।


চার কোটি টাকা বাজেটে চার বছর ধরে চলছিল এই এক কিলোমিটার সড়ক ও তিনটি ব্রিজের কাজ। কিন্তু কাজ শেষ হতে না হতেই উদ্বোধনের আগেই ভেঙে পড়ে গেছে রাস্তার একটি বড় অংশ। ধসে গেছে ব্রিজের পিয়ারের চারপাশও।


জাইকার প্রজেক্টে সালেহ এন্টারপ্রাইজের কাজের ‘কারুশিল্প’ দেখে চেনার উপায় নেই এটি সড়ক নাকি কোনো হাসির নাটক। নদীর ধারের গাইডওয়ালগুলো আঁকাবাঁকা হয়ে যেন ঠিক সাপের মতো এঁকেবেঁকে চলেছে কোথাও অস্বাভাবিক মোটা, কোথাও আবার খিলখিলে চিকন! কোথাও উঁচু, কোথাও নিচু, আবার কোথাও কংক্রিটের জামাকাপড় ভেদ করে বের হয়ে আছে খাঁচাকাটা রড! টেকসই ব্লকের বদলে কাঠ আর বাঁশের চাটাই দিয়ে প্রটেকশন দেওয়ার এমন অদ্ভুত কলাকৌশলে মাটির বদলে টাকাটাই যেন বেশি জোড়াতালি দেওয়া হয়েছে।


এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সিরাজুল ইসলাম সুমন কাজের ক্ষতি স্বীকার করলেও ক্যামেরার সামনে আসতে চাননি। তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, ঠিকাদারের কাজের মানে তারা নিজেরাই ক্ষুব্ধ। ত্রুটি না শুধরানো পর্যন্ত দেওয়া হবে না চূড়ান্ত বিল বলে জানান সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফাইজুল ইসলাম।


উদ্বোধনের আগেই কোটি টাকার সরকারি অর্থ অপচয় আর এমন অদ্ভুত অনিয়মে চরম ক্ষুব্ধ এলাকার মানুষ। তাদের দাবি দ্রুত এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে টেকসই রাস্তা পুনর্নির্মাণ নিশ্চিত করতে হবে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com