
দীর্ঘদিন পর দর্শকে পরিপূর্ণ টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম যেন ফিরে পেল তার পুরোনো প্রাণ। জাতীয় দলের একাধিক তারকা ফুটবলারের উপস্থিতিতে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর রোমাঞ্চকর ফাইনালে গোপালপুর উপজেলা একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট জিতেছে টাঙ্গাইল সদর উপজেলা একাদশ।
শনিবার (১ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত এই ফাইনাল দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো দর্শক স্টেডিয়ামে ভিড় করেন।
গ্যালারিজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, আর দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।
ফাইনাল ম্যাচে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। উদ্বোধক ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল হক, এমপি, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য মো. আবদুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য মো. লুৎফর রহমান মতিন এবং টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক।
খেলার শুরুতে দুই দলই ছিল বেশ সতর্ক। মাঝমাঠের দখল নিয়ে লড়াই হলেও প্রথমার্ধে কোনো দলই উল্লেখযোগ্য সুযোগ কাজে লাগাতে পারেনি। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে ম্যাচে গতি বাড়ায় টাঙ্গাইল সদর। জাতীয় দলের তারকা ফুটবলার শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম, সুমন রেজা ও সৌরভ দেওয়ানের আক্রমণে একের পর এক সুযোগ তৈরি হতে থাকে। ম্যাচের ৫৮তম মিনিটে গোপালপুরের ডি-বক্সের বাইরে থেকে সুমন রেজার নেওয়া জোরালো শট প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে যায়। সেই একমাত্র গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় টাঙ্গাইল সদর।
গোল হজমের পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে গোপালপুর। রবিউল, মামুন ও সিবির নেতৃত্বে একাধিক আক্রমণ চালানো হলেও টাঙ্গাইল সদরের রক্ষণভাগ দৃঢ়তা দেখায়। ম্যাচের এক পর্যায়ে প্রায় ৩২ গজ দূর থেকে স্যামুয়েলের দুর্দান্ত শট টুর্নামেন্টের সেরা গোলরক্ষক মজনু অসাধারণ দক্ষতায় ফিস্ট করে কর্নারের বিনিময়ে বিপদমুক্ত করেন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়ে শিরোপা উৎসব শুরু করে টাঙ্গাইল সদর উপজেলা একাদশ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতেন টাঙ্গাইল সদর উপজেলা একাদশের অধিনায়ক সুমন রেজা। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন গোপালপুরের মারুফ।
ম্যাচ পরিচালনা করেন রেফারি সায়মন। ধারাভাষ্য দেন আব্দুল আলিম ও অনীক রহমান বুলবুল।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]