টাঙ্গাইলে নকল প্রসাধনী ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ভোক্তার জরিমানা
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ১৪:১৩
টাঙ্গাইলে নকল প্রসাধনী ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ভোক্তার জরিমানা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ও ভাবখন্ড বাজারে নকল শিশু প্রসাধনী, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে গুরুতর অনিয়মের দায়ে একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।


বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


অভিযান চলাকালে জামুর্কী বাজারের মহন্ত স্টোর থেকে বিপুল পরিমাণ নকল ও মেয়াদোত্তীর্ণ শিশুদের প্রসাধনী জব্দ করা হয়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয় কর্তৃপক্ষ।


এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং কেমিক্যাল ব্যবহার করে ল্যাব পরিচালনার দায়ে মির্জাপুর পপুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা এবং জামুর্কী লাইফ অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারের একটি ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।


অন্যদিকে, উপজেলার ভাবখন্ড বাজারে পরিচালিত পৃথক অভিযানে আরও একটি ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযান শেষে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ ভুয়া শিশু প্রসাধনী জব্দ করা হয়েছে। সাধারণ ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com