কচুরিপানা পরিষ্কারে মাঠে নামলেন প্রতিমন্ত্রী টুকু
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ১৪:১০
কচুরিপানা পরিষ্কারে মাঠে নামলেন প্রতিমন্ত্রী টুকু
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

টাঙ্গাইল শহরের অন্যতম বিনোদনকেন্দ্র ও সৌন্দর্যের প্রতীক ডিসি লেককে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করে তুলতে কচুরিপানা ও ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেছেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। উদ্বোধনের পর তিনি নিজ হাতে লেক থেকে কচুরিপানা অপসারণে অংশ নেন এবং নেতাকর্মী, স্বেচ্ছাসেবক ও স্থানীয়দের সঙ্গে পরিচ্ছন্নতা অভিযানে যুক্ত হন।


শুক্রবার (৩১ জুলাই) সকালে ডিসি লেক পরিদর্শন করে প্রতিমন্ত্রী লেকের সার্বিক পরিবেশ, পানির অবস্থা ও পরিচ্ছন্নতা ঘুরে দেখেন। দীর্ঘদিন ধরে জমে থাকা কচুরিপানা ও বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযানের সূচনা করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেন।


সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী টুকু বলেন,একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শহর গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তিনি বলেন, ডিসি লেক শুধু একটি বিনোদনকেন্দ্র নয়, এটি টাঙ্গাইল শহরের সৌন্দর্য ও পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। তাই এর পরিচ্ছন্নতা ও সৌন্দর্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


তিনি আরও বলেন,যতদিন প্রয়োজন, পর্যায়ক্রমে পুরো লেক পরিষ্কার করা হবে। ডিসি লেককে ঘিরে আমাদের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এটিকে একটি আধুনিক মিনি পর্যটনকেন্দ্রে রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। সম্প্রতি বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যানকে নিয়ে এলাকা পরিদর্শন করেছি। ডিসি লেকের পাশাপাশি চর এলাকাকেও বৃহৎ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।


প্রতিমন্ত্রী জানান, নির্বাচনের আগে টাঙ্গাইলে একটি আধুনিক পর্যটনকেন্দ্র গড়ে তোলার যে অঙ্গীকার করা হয়েছিল, তা বাস্তবায়নের কাজ চলছে। তিনি আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় ডিসি লেককে একটি আধুনিক ও আকর্ষণীয় বিনোদনকেন্দ্রে পরিণত করা সম্ভব হবে। পাশাপাশি সেখানে মাছ চাষের উদ্যোগও নেওয়া হবে, যার সুফল ভোগ করবেন টাঙ্গাইলের মানুষ।


তিনি শহরকে পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতে যাতে লেকে কচুরিপানা ও ময়লা-আবর্জনা জমতে না পারে, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।


পরিচ্ছন্নতা অভিযানে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ অংশ নেন।


তাদের সম্মিলিত প্রচেষ্টায় লেকের বিভিন্ন অংশ থেকে কচুরিপানা ও ময়লা-আবর্জনা অপসারণের কাজ শুরু হয়।


এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরিফা হক, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক,কেন্দ্রীয় যুবদলের সদস্য আব্দুল্লাহিল কাফিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com