পূবাইলে অটোরিকশা ভাড়া বৃদ্ধি, ক্ষোভে ফুঁসছে যাত্রীরা
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ১৩:১২
পূবাইলে অটোরিকশা ভাড়া বৃদ্ধি, ক্ষোভে ফুঁসছে যাত্রীরা
টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

গাজীপুরের টঙ্গী স্টেশন রোড থেকে টিএন্ডটি, সিলমুন, মাজুখান, করমতলা, মীরের বাজার হয়ে পূবাইল স্টেশন পর্যন্ত চলাচলকারী অটোরিকশার ভাড়া হঠাৎ বৃদ্ধি পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। কোনো প্রকার পূর্ব ঘোষণা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।


স্থানীয় যাত্রীদের অভিযোগ, কয়েকদিন আগেও যে সড়কে নির্দিষ্ট ভাড়ায় যাতায়াত করা যেত, বর্তমানে সেখানে জনপ্রতি অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। বিশেষ করে অফিসগামী কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, শ্রমিক ও নিম্ন আয়ের যাত্রীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।


করমতলার এক যাত্রী জানান, প্রতিদিন কর্মস্থলে যাতায়াত করতে হয়। হঠাৎ করে ভাড়া বেড়ে যাওয়ায় মাসিক ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। একই অভিযোগ করেন মীরের বাজার ও পূবাইল স্টেশন এলাকার অনেক যাত্রী।


মিরের বাজারের ব্যবসায়ী সফিকুল ইসলাম বলূন , টঙ্গী স্টেশন রোড থেকে টিএন্ডটি, সিলমুন, মাজুখান, করমতলা, মীরের বাজার ও পূবাইল স্টেশন রুটে অটোরিকশা চালকেরা নিজেদের ইচ্ছামতো ভাড়া নির্ধারণ করছেন। ভাড়া নিয়ে প্রায়ই যাত্রী ও চালকদের মধ্যে বাকবিতণ্ডা দেখা যাচ্ছে।


স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা বলেন, এই সড়কটি হাজারো মানুষের দৈনন্দিন যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। ভাড়া বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে গেছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।


এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট প্রশাসন ও পরিবহন কর্তৃপক্ষ ভাড়া বৃদ্ধির বিষয়টি তদন্ত করে যৌক্তিক ভাড়া নির্ধারণ এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক।


যাত্রীদের প্রত্যাশা, নির্ধারিত ভাড়া তালিকা প্রণয়ন ও তা দৃশ্যমান স্থানে প্রদর্শনের মাধ্যমে এই রুটে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হবে।


বিবার্তা/রাজিব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com