
বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে রাজশাহীর ঐতিহ্যবাহী মিষ্টির স্বাদ নিতে রাজশাহী মিষ্টান্ন ভান্ডার পরিদর্শন করেছেন।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন ঐতিহ্যবাহী রাজশাহী মিষ্টান্ন ভান্ডারে আসেন। এসময় তিনি রাজশাহীর বিখ্যাত রসগোল্লা, চমচম, কালোজামসহ বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী মিষ্টির স্বাদ গ্রহণ করেন।
পরিদর্শনকালে রাষ্ট্রদূত স্থানীয় মিষ্টান্নের গুণগত মান, প্রস্তুত প্রণালি ও এর দীর্ঘদিনের ঐতিহ্য সম্পর্কে আগ্রহের সাথে খোঁজখবর নেন এবং সন্তোষ প্রকাশ করেন।
রাষ্ট্রদূতের আগমনকে কেন্দ্র করে মিষ্টান্ন ভান্ডার ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত সাধারণ মানুষ ও দর্শনার্থীরা কৌতূহলভরে ফ্রান্সের রাষ্ট্রদূতের এই সফর প্রত্যক্ষ করেন।
সফর চলাকালে বোয়ালিয়া মডেল থানা পুলিশ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। ফলে পুরো সফরটি নির্বিঘ্নে সম্পন্ন হয়।
প্রায় ১০ মিনিট অবস্থানের পর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তিনি পুলিশি নিরাপত্তায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন হোটেল গ্র্যান্ড রিভার ভিউ-এর উদ্দেশ্যে রওনা দেন।
সংশ্লিষ্টরা জানান, কূটনৈতিক সফরের অংশ হিসেবে ফ্রান্সের রাষ্ট্রদূতের এই সংক্ষিপ্ত সফর রাজশাহীর ঐতিহ্য, সংস্কৃতি ও বিখ্যাত মিষ্টান্নকে আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত করে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]