
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর এক কর্মকর্তার নিজ থানায় বদলিকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনিক মহল ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সম্প্রতি বিআরডিবির কর্মকর্তা মঈন উদ্দিন আকন্দকে তার নিজ উপজেলা কালিহাতীতে বদলি করা হয়েছে।
তিনি উপজেলার নারিন্দা গ্রামের বাসিন্দা। সরকারি চাকরিতে সাধারণত নিজ কর্মস্থল বা নিজ থানায় পদায়নের ক্ষেত্রে নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে নির্ধারিত নীতিমালা অনুসরণ করা হয়। তবে এ বদলিকে ঘিরে বিভিন্ন মহলে নানা প্রশ্ন ও আলোচনা দেখা দিয়েছে।
স্থানীয়দের একটি অংশের অভিযোগ, মঈন উদ্দিন আকন্দ দীর্ঘদিন টাঙ্গাইলে কর্মরত ছিলেন। ওই সময়ে তার দায়িত্বে থাকা ঋণের মধ্যে ২ কোটিরও বেশি টাকা খেলাপি অবস্থায় রয়েছে। এর প্রভাব হিসেবে টাঙ্গাইল বিআরডিবির পাঁচজন কর্মচারীর বেতন গত পাঁচ মাস ধরে বন্ধ রয়েছে বলেও তারা দাবি করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই পাঁচ কর্মচারীর তিনজন জানান, মঈন উদ্দিন আকন্দ অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সেই প্রভাব কাজে লাগিয়ে দাপ্তরিক কর্মকাণ্ড পরিচালনা করতেন। তার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পেতেন না বলেও তারা অভিযোগ করেন। তাদের দাবি, গত বছর তার প্রভাবেই এক কর্মচারী ২৫ লাখ টাকা আত্মসাত করেন। ওই কর্মচারী বর্তমানে কারাগারে রয়েছেন। এছাড়া সরকারদলীয় এক নেতার সুপারিশে তিনি নিজ থানায় বদলি হয়েছেন বলেও অভিযোগ করেন তারা।
তবে এসব অভিযোগ অস্বীকার করে সদ্য বদলি হয়ে আসা কর্মকর্তা মঈন উদ্দিন আকন্দ বলেন, সরকারি বিধি-বিধান অনুসরণ করেই আমার বদলি হয়েছে। এখানে কোনো ধরনের অনিয়ম হয়নি।
এদিকে বিষয়টি নিয়ে বিআরডিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় সচেতন মহল। তাদের দাবি, বদলি যদি প্রচলিত নীতিমালা অনুযায়ী হয়ে থাকে, তাহলে বিষয়টি স্পষ্টভাবে জানানো উচিত। আর কোনো অনিয়ম বা নীতিমালার ব্যত্যয় হয়ে থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]