তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় বাস, অটোরিকশা ও মাহিন্দ্রা দুমড়ে-মুচড়ে আহত ৪
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০০:৫৫
তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় বাস, অটোরিকশা ও মাহিন্দ্রা দুমড়ে-মুচড়ে আহত ৪
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি অটোরিকশা ও একটি মাহিন্দ্রা দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


রবিবার (২৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে রাজবাড়ী শহরের খানখানাপুর রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, রাজবাড়ীগামী একটি তেলবাহী ট্রেন খানখানাপুর রেলগেট অতিক্রম করার সময় হঠাৎ ট্রেনটির পেছনের পাঁচটি বগি মূল ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ইঞ্জিন ও সামনের অংশ রেলগেট পার হয়ে যাওয়ায় গেটম্যান রেললাইন ফাঁকা মনে করে ব্যারিয়ার তুলে দেন। এ সময় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা রেললাইন পার হওয়ার চেষ্টা করলে বিচ্ছিন্ন হয়ে আসা বগিগুলো সজোরে ওই যানবাহনগুলোকে ধাক্কা দেয়।


সংঘর্ষে মাহিন্দ্রাটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। বাসটি ধাক্কা খেয়ে রেললাইনের পাশের খাদে পড়ে যায় এবং অটোরিকশাটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে অন্তত চারজন আহত হন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন।


খবর পেয়ে হাইওয়ে পুলিশ, রেলওয়ে কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর আহত ব্যক্তিকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ওই রেলগেট এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরে উদ্ধারকাজ শেষে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।


রেলওয়ে ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কী কারণে চলন্ত অবস্থায় তেলবাহী ট্রেনের পাঁচটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


বিবার্তা/মিঠুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com