রাজশাহীতে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন
সবুজ রাজশাহী গড়তে ব্যাপক বৃক্ষরোপণের আহ্বান ভূমিমন্ত্রীর
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০১:৫৬
সবুজ রাজশাহী গড়তে ব্যাপক বৃক্ষরোপণের আহ্বান ভূমিমন্ত্রীর
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

রাজশাহীতে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬।


শনিবার (২৫ জুলাই) সকালে নগরীর রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা সংলগ্ন নজরুল ভিলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালি ও বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ রাজশাহীর যৌথ উদ্যোগে আয়োজিত মেলায় প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। মেলায় মোট ৫২টি স্টল স্থান পেয়েছে। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।


প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, বৃক্ষরোপণ ও স্বাস্থ্যসেবাসহ নানা ক্ষেত্রে রাজশাহীর সাফল্য রয়েছে। আমাদের সে সাফল্য ধরে রাখতে হবে। রাজশাহীকে আরও সবুজ করতে সিটি কর্পোরেশনের পাশাপাশি সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানকে একযোগে উদ্যোগ নিতে হবে। পরিকল্পিত নগরায়নের জন্য ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যাও করতে হবে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, ডিআইজি রাজশাহী রেঞ্জ আশিক সাঈদ, পুলিশ সুপার নাইমুল হাসান, আরএমপি পুলিশ কমিশনার মো. ফয়েজুল কবির, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এরশাদ আলী ইশা ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।


অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে আগামী এক বছরে রাসিকের পক্ষ থেকে আড়াই লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে প্রায় লক্ষাধিক চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে।


তিনি আরও বলেন, নগরীর পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণ, কাদামাটি অপসারণ ও সবুজায়নসহ সকল উন্নয়ন কাজে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম। আরও বক্তব্য রাখেন বন সংরক্ষক মো. সুবেদার ইসলাম ও নার্সারি মালিক সমিতি রাজশাহী মহানগরের প্রচার সম্পাদক আয়নাল হক।


বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই।


এর আগে বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা গেট থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নজরুল ভিলেজে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী,স্কাউট সদস্য, নার্সারি মালিক ও পরিবেশপ্রেমীরা অংশ নেন।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com