যমুনার ভাঙনরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ২১:০২
যমুনার ভাঙনরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

যমুনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত টাঙ্গাইলের ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক সড়কের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। এ সময় তিনি বলেন, যমুনা নদীর ভাঙনরোধে পরিকল্পিতভাবে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে। পাশাপাশি আগের সরকারের আমলে বাঁধ নির্মাণে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির তদন্ত করা হবে।


শুক্রবার (২৪ জুলাই) বিকালে গোপালপুর উপজেলার নলীন বাজার সংলগ্ন শাখারিয়া এলাকায় ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী টুকু বলেন, আগের সরকারের সময় দুর্নীতি ও অনিয়মের কারণে নদীভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সে সময়ের সব অনিয়ম তদন্ত করা হবে এবং ভবিষ্যতে পরিকল্পিতভাবে স্থায়ী ও টেকসই প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা হবে।
তিনি জানান, বর্তমানে সড়কের ভাঙন ঠেকাতে প্রায় ২৫ হাজারের বেশি জিও ব্যাগ এবং বড় আকারের টিউব জিও ব্যাগ ফেলা হয়েছে। এতে আপাতত ভাঙন নিয়ন্ত্রণে এসেছে।


তিনি আরও বলেন, ভূঞাপুর থেকে টাঙ্গাইল হয়ে মানিকগঞ্জ পর্যন্ত দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় একটি স্থায়ী প্রতিরক্ষা বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে নদীর স্বাভাবিক নাব্যতা ফিরিয়ে আনতে খাল ও নদী খনন কর্মসূচিও বাস্তবায়ন করা হবে। নদীর স্বাভাবিক গতিপথ বজায় থাকলে ভাঙনের ঝুঁকি অনেকাংশে কমে আসবে।


সরকার নদীভাঙন প্রতিরোধে স্বল্পমেয়াদি নয়, দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা বাস্তবায়ন করছে উল্লেখ করে তিনি বলেন, মানুষের জানমাল এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।


এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন, ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান, গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ, ভূঞাপুর থানার ওসি এ. কে. এম. রেজাউল করিম, গোপালপুর থানার ওসি রুহুল আমিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


উল্লেখ্য, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাখারিয়া এলাকায় যমুনা নদীর তীব্র ভাঙনে ঢাকা-টাঙ্গাইল-ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের একটি অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। ফলে সড়কটিতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com