
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইল সদর উপজেলায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বাতিঘর আদর্শ পাঠাগার।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে সদর উপজেলার আয়নাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির শতাধিক গাছের চারা বিনামূল্যে তুলে দেওয়া হয়। প্রতিবছরের ধারাবাহিক বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিতরণ করা প্রতিটি চারা শিক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে রোপণ ও পরিচর্যা করবে বলে আশা প্রকাশ করেন তারা।
চারা বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাতিঘর আদর্শ পাঠাগারের সদস্য মো. হাবিবুর রহমান, রাকিব হোসেন, মাহবুব হাসান, রিফাত আহমেদ, হিমেল, তাহের, আপনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য, এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি এই স্লোগানকে ধারণ করে ২০১০ সালের ২১ ফেব্রুয়ারি টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের চৌরাকররা গ্রামে প্রতিষ্ঠিত হয় বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকেই পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি মানবিক, সামাজিক, শিক্ষামূলক ও পরিবেশ সংরক্ষণে নানা জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।
বিবার্তা/বাবু/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]