
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ২০২৫-২৬ অর্থবছরের এডিবির অতিরিক্ত বরাদ্দের ৪৬ লাখ টাকা কোনো কাজ সম্পন্ন না করেই উত্তোলনের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, ইউএনও কার্যালয়ের ফটোকপি মেশিন অপারেটর উজ্জ্বল হোসেনের স্ত্রী সালমা আক্তারের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ফাতেমা ট্রেডার্স এবং উপজেলা পরিষদের অফিস সহায়ক তোফাজ্জল হোসেনের স্ত্রী বিথী আক্তারের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তানহা এন্টারপ্রাইজের নামে বিভিন্ন প্রকল্প দেখিয়ে ওই অর্থ উত্তোলন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আলোচনায় আসার পর তা ধামাচাপা দিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ, দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং কয়েকটি গ্রামে নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে গত অর্থবছরের প্রকল্পের কাজ সম্পন্ন না করেই অর্থ উত্তোলন কতটা বিধিসম্মত, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে ইউএনও কার্যালয়ের কর্মচারী উজ্জ্বল হোসেন বলেন, আমার স্ত্রীর ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে কোটেশনের মাধ্যমে কয়েকটি প্রকল্প অনুমোদন হয়েছে। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে কাজ করা সম্ভব হয়নি।
উপজেলা পরিষদের অফিস সহায়ক তোফাজ্জল হোসেন বলেন, আমার স্ত্রীর প্রতিষ্ঠান তানহা এন্টারপ্রাইজকে দুটি রাস্তা-সহ কয়েকটি প্রকল্প দেওয়া হয়েছে। তবে এসব কাজের বিষয়ে আমি কিছু জানি না।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অভিযোগের বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, স্থানীয় সংসদ সদস্য সময় দিতে না পারায় কাজগুলো সম্পন্ন করা সম্ভব হয়নি। পরে এ বিষয়ে আরও জানতে চাইলে তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে এখনো কোনো তদন্ত বা আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে অভিযোগের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]