
রাজবাড়ীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম (৫৫) মারা গেছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর পর তার ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
নিহত আলেয়া বেগম রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামের বাসিন্দা। তিনি খোরশেদ আলী মিয়ার কন্যা। ২০১৯ সাল থেকে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলা পরিষদের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার (২২ জুলাই) সকালে তাকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা তার ডেঙ্গুসহ প্রয়োজনীয় বিভিন্ন প্যাথলজি পরীক্ষা-নিরীক্ষা দেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়। পরে পরীক্ষার রিপোর্টে তার ডেঙ্গু পজিটিভ শনাক্ত হয়।
রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান জানান, বুধবার সকালে আলেয়া বেগম হাসপাতালে ভর্তি হন। তার শারীরিক অবস্থা বিবেচনায় ডেঙ্গুসহ কয়েকটি পরীক্ষা দেয়া হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। মৃত্যুর পর পরীক্ষার রিপোর্ট হাতে আসে, যেখানে তার ডেঙ্গু পজিটিভ ধরা পড়ে।
এদিকে, চলতি মাসে রাজবাড়ীর গ্রামীণ এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। চলতি জুলাই মাসে জেলায় মোট ১৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে বালিয়াকান্দিতে ১০ জন, পাংশাতে ৪ জন ও কালুখালী উপজেলায় ৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]