
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঐতিহ্যবাহী এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ে ফিরেছে প্রাণচাঞ্চল্য। দীর্ঘদিনের অচলাবস্থা ও প্রশাসনিক জটিলতা কাটিয়ে বর্তমানে বিদ্যালয়টিতে স্বাভাবিক হয়েছে পাঠদান, ফিরেছে শৃঙ্খলা এবং শিক্ষার অনুকূল পরিবেশ। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে বিএনপি নেতা ও কালিহাতী উপজেলা চেয়ারম্যান পদপ্রত্যাশী মোজাম্মেল হক হিরো দায়িত্ব গ্রহণের পর থেকেই শিক্ষা প্রতিষ্ঠানটিতে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন এসেছে বলে দাবি করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয়দের একটি অংশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ঘিরে জটিলতা সৃষ্টি হয়। পরবর্তীতে তিনি অনুপস্থিত থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা নেমে আসে। নিয়মিত পাঠদান ব্যাহত হয়, শিক্ষার্থীদের উপস্থিতি কমে যায় এবং অভিভাবকদের মধ্যে বিদ্যালয়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়। একসময় এলাকার মানুষের কাছে ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিয়ে নানা প্রশ্নও দেখা দেয়।
এমন পরিস্থিতিতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন মোজাম্মেল হক হিরো। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে একাধিক উদ্যোগ হাতে নেন। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করে সমস্যা চিহ্নিত করার পাশাপাশি দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ করেন। এর ফলে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে গতি ফিরে আসে এবং নিয়মিত শ্রেণি কার্যক্রম নিশ্চিত করা সম্ভব হয়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়া হচ্ছে। যারা অনিয়মিত, তাদের বিষয়ে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। একই সঙ্গে বাড়িতে পড়াশোনার অগ্রগতি সম্পর্কেও শিক্ষকরা নিয়মিত নজরদারি করছেন।
বিদ্যালয় প্রাঙ্গণের পরিবেশ আরও মনোরম করতে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয় পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। দরিদ্র ও অসচ্ছল পরিবারের শিক্ষার্থীরা যেন অর্থের অভাবে ঝরে না পড়ে, সেজন্য বিনা বেতনে পড়াশোনার সুযোগও নিশ্চিত করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে একটি কার্যকর তদারকি ব্যবস্থা চালু করা হয়েছে। এর ফলে সময়মতো ক্লাস পরিচালনা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি এবং সার্বিক শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখা সহজ হয়েছে। বর্তমানে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং প্রশাসনিক ব্যবস্থাপনাও আগের তুলনায় অনেক বেশি সুশৃঙ্খল হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিদ্যালয়ের কয়েকজন অভিভাবক জানান, আগের তুলনায় এখন বিদ্যালয়ে পড়াশোনার পরিবেশ অনেক উন্নত হয়েছে। শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের আন্তরিকতা বেড়েছে, নিয়মিত ক্লাস হচ্ছে এবং শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সন্তানদের পাঠাতে তারা স্বস্তি বোধ করছেন। তাদের মতে, বিদ্যালয়ের প্রতি হারিয়ে যাওয়া আস্থা আবারও ফিরে আসছে।
শিক্ষার্থীদের মধ্যেও নতুন উদ্দীপনা দেখা গেছে। তারা নিয়মিত ক্লাসে অংশ নিচ্ছে এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমেও আগ্রহ বাড়ছে। শিক্ষকরা বলছেন, ইতিবাচক পরিবেশ তৈরি হওয়ায় শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি মনোযোগও আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে।
এ বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি মোজাম্মেল হক হিরো বলেন, এলেঙ্গা উচ্চ বিদ্যালয় এই অঞ্চলের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এটিকে একটি আধুনিক, সুশৃঙ্খল ও মানসম্মত বিদ্যালয়ে পরিণত করাই আমাদের লক্ষ্য। শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে উদ্বুদ্ধ করা, দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং একটি সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে আমরা আন্তরিকভাবে কাজ করছি। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের সহযোগিতা পেলে ভবিষ্যতে বিদ্যালয়টি আরও এগিয়ে যাবে বলে আমি আশাবাদী।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]