
নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই এইচএসসি পরীক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন।
শনিবার (১৮ জুলাই) জেলার শিবপুর ও বেলাবো উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
এর মধ্যে শিবপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল ও মুরগিবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন-শিবপুরের আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী স্বাধীন (১৯) ও নাফিস (২২)।
নাফিস নরসিংদীর হাজীপুর গ্রামের ওয়াসিম মিয়ার ছেলে এবং স্বাধীন একই গ্রামের আসাদ উল বেপারীর ছেলে।
পুলিশ ও নিহতদের বন্ধুরা জানান, আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র ছিল শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজ।
শনিবার সেখানে ব্যবসায় শিক্ষা বিভাগের মার্কেটিং পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে স্বাধীন ও নাফিস মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।
দুপুর দেড়টার দিকে তারা ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের বাজনাব এলাকায় পৌঁছালে শিবপুরগামী একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।
খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, একই দিন সকালে জেলার বেলাবো উপজেলায় নছিমন উল্টে শাওন (২৫) নামে এক চালক নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, জীবিকার সন্ধানে সকালে নছিমন নিয়ে মনোহরদী উপজেলা থেকে বেলাবোর উদ্দেশে রওনা দেন শাওন। পথে পোড়াদিয়া-বেলাবো সড়কের রাধাখালী ব্রিজ এলাকায় পৌঁছালে হঠাৎ নছিমনের একটি চাকা খুলে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। এ সময় শাওন ছিটকে পড়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহত শাওন মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের ব্রাহ্মণেরগাঁও গ্রামের ফারুক হোসেনের ছেলে।
বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের অনুরোধের ভিত্তিতে শাওনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]