
তকাল অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা বাতিল এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ ও ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন এসএসসি পরীক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর দেড়টা থেকে প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। এতে উত্তরবঙ্গগামী লেনে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
এর আগে সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে পরীক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। পরে সেখান থেকে আবারও বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে অবস্থান নেন তারা এবং সড়ক অবরোধ করেন।
অবরোধ চলাকালে শিক্ষার্থীরা বলেন, দেশজুড়ে ভয়াবহ বন্যা ও অতিবৃষ্টির কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি। এতে তারা চরম ভোগান্তির শিকার হয়েছেন।
তাই ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে পরীক্ষা বাতিল করে পুনরায় নেওয়ার দাবি জানান তারা। একই সঙ্গে এ বিষয়ে জবাবদিহিতা নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানান।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপর শিক্ষার্থীরা তাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]