রাজশাহীতে আজ আন্তঃজেলা বাস ধর্মঘট
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০১:০৩
রাজশাহীতে আজ আন্তঃজেলা বাস ধর্মঘট
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠন নিয়ে সৃষ্ট বিরোধের জেরে সোমবার রাত ৮টা থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকদের একাংশ। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।


শ্রমিকদের একাংশের দাবি, সংগঠনের সাধারণ সভার মাধ্যমে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করতে হবে। তবে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম জানান, বর্তমান পরিস্থিতিতে সাধারণ সভা আয়োজন সম্ভব নয়। এজন্য তিনি প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের নিয়ে একটি নির্বাচনি কমিটি গঠনের প্রস্তাব দেন।


সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাব প্রত্যাখ্যান করে শ্রমিকদের একাংশ সভা থেকে বেরিয়ে ধর্মঘটের ডাক দেন। বৈঠকে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল উপস্থিত ছিলেন। আলোচনার একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।


বৈঠক শেষে শিরোইল বাস টার্মিনালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় নজরুল ইসলাম হেলালের ব্যক্তিগত চেম্বারে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে।


শ্রমিক নেতা মোমিনুল ইসলাম মোমিন অভিযোগ করে বলেন, জেলা প্রশাসক একটি পক্ষের অবস্থান নিয়েছেন। সুষ্ঠু নির্বাচনের জন্য সাধারণ সভার মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন পরিচালনা কমিটি গঠনই একমাত্র উপায়। তিনি আরও বলেন, নজরুল ইসলাম হেলাল মালিকপক্ষের প্রতিনিধি হওয়ায় শ্রমিক ইউনিয়নের নির্বাচনি কমিটিতে তার থাকা উচিত নয়।


জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে সাধারণ সভা আয়োজন সম্ভব নয়। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন কাজ করছে।


নজরুল ইসলাম হেলাল বলেন,বৈঠকে কথা কাটাকাটি হলেও বাস চলাচল বন্ধ রাখা বা চেম্বারে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মালিকপক্ষ বাস চলাচল স্বাভাবিক রাখতে চায়।


শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে কয়েক মাস ধরেই দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। গত ২৩ এপ্রিল নির্বাচন দাবিকারী শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি করে নতুন কমিটি ঘোষণা করলে তা প্রত্যাখ্যান করে শ্রমিকদের একটি অংশ কয়েক দফা ধর্মঘট পালন করে। তখন জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদের পর নির্বাচন অনুষ্ঠানের আশ্বাস দেওয়া হয়েছিল।


হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রাজশাহী থেকে ঢাকাসহ বিভিন্ন রুটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com