
ঢাকার ডেমরার একটি মাদরাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই) বিকেল ৩টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে।
মাদরাসার শিক্ষার্থী ও পুলিশ জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, ডেমরা পূর্ব বক্সনগর এলাকার ‘দারুল আজাদ তাকসিসি মাদরাসা’র ষষ্ঠ তলায় বিস্ফোরণ ঘটে। এতে মাদরাসার পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।
ডেমরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মামুন হোসেন বলেন, ‘আবাসিক মাদরাসাটিতে শিক্ষার্থীরা খাওয়া-দাওয়া করে ঘুমাচ্ছিল।
সেখানের একটি কক্ষে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।’ আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে। আহত শিক্ষার্থীরা ১২ থেকে ১৫ বছর বয়সী।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করে জানান, আহতরা জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে রেদোয়ান নামের একজনের অবস্থা গুরুতর।
ওই মাদরাসা শিক্ষার্থী মো. আকাশ জানিয়েছে, ষষ্ঠ তলায় বৈদ্যুতিক বোর্ড থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দেয়ালের বেশ কিছু অংশ ভেঙে পড়েছে।
শিক্ষার্থীরা জানিয়েছে, ঘটনার সময় ওই কক্ষে শিক্ষার্থীরা ঘুমিয়েছিল। ঘুমে থাকা শিক্ষার্থীরাই আহত হয়েছে। অন্যরা দ্রুত কক্ষ থেকে বের হয়ে যায়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]