
বগুড়ার ধুনটে প্রবাসীর স্ত্রীকে অনৈতিক প্রস্তাব দেয়া উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমানকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। প্রবাসীর স্ত্রীকে মুঠোফোনে অনৈতিক প্রস্তাবের অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তাকে প্রত্যাহার করা হয়।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জোড়শিমুল গ্রামের দিনমজুরের ছেলে প্রায় ৬ মাস আগে কান্তনগর গ্রামের আদম ব্যবসায়ী মাহমুদুল ও ঝাঝর গ্রামের আরিফুলের মাধ্যমে সৌদি আরবে যান। বিদেশে পাঠানোর জন্য ওই দুই দালাল প্রবাসীর মা-বাবার কাছ থেকে ৬ লাখ টাকা হাতিয়ে নেয়। কিন্তু সেখানে নিয়ে দিনমজুরের ছেলেকে কোনো কাজ দেয়নি দালালচক্র।
এ অবস্থায় সেখানে খেয়ে না খেয়ে দিন পার করতে থাকেন ওই যুবক। এ বিষয়ে প্রবাসীর মা কান্তনগর গ্রামে মাহমুদুলের কাছে যান এবং ছেলেকে নিয়ে কথা বলার এক পর্যায়ে মাহমুদুল তাকে মারধর করে। এ ঘটনায় ২১ জুন প্রবাসীর মা বাদী হয়ে দালালদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। থানার এসআই মোস্তাফিজার রহমানকে অভিযোগটি তদন্তের দায়িত্ব দেয়া হয়।
অভিযোগটি তদন্তকালে প্রবাসীর স্ত্রীকে বিচার পাইয়ে দেয়ার আশ্বাস দেন। এ নিয়ে প্রবাসীর স্ত্রীর মুঠোফোনে একাধিকবার কথা বলেন মোস্তাফিজার রহমান। কিন্তু এসআই মোস্তাফিজার অভিযুক্ত দালালদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে অভিযোগের বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এতে হতাশায় পড়েন প্রবাসীর স্ত্রী ও পরিবারের সদস্যরা। এদিকে এসআই মোস্তাফিজার রহমান প্রবাসীর স্ত্রীকে মুঠোফোনে একাধিক বার অনৈতিক প্রস্তাব দেন। এ সময় প্রবাসীর স্ত্রী কৌশলে নিজের মুঠোফোনে মোস্তাফিজার রহমানের কথোপকথন রেকর্ড করেন।
এক পর্যায়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের হাতে আসে প্রবাসীর স্ত্রীকে অনৈতিক প্রস্তাবের একাধিক অডিও ক্লিপ। এসব অডিও ক্লিপের একটি ফেসবুকে ছড়িয়ে পড়লে পুলিশ সুপার বিষয়টি আমলে নিয়ে এসআই ফোস্তাফিজার রহমানকে রোববার মধ্যরাতে থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনসে সংযুক্ত করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এসআই মোস্তাফিজার রহমানের বিরুদ্ধে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ চাকরি বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]