রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা নিহত হওয়ার ঘটনায় ৫ জন গ্রেফতার
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ২১:৩৭
রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা নিহত হওয়ার ঘটনায় ৫ জন গ্রেফতার
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটের শিকার হয়ে বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম (৭০) নিহত হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।


বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।


ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, গ্রেফতারকৃতরা হলেন— সাকিব মিয়া (২৩), ইলিয়াছ মিয়া (৩৫), বিল্লাল মিয়া (২৫), দ্বীন ইসলাম (২৬) ও রিফাত মিয়া (২০)। তাঁদের মধ্যে দ্বীন ইসলাম ও রিফাত মিয়াকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে গ্রেফতার করা হয়। আর অন্য তিনজনকে মেথিকান্দা রেলস্টেশনের আশপাশ থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।


৮ জুলাই রায়পুরায় রেলস্টেশনে হামলা–লুটের শিকার বাক্প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম মারা গেছেন।


এর আগে গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে রেলস্টেশনের পরিত্যক্ত একটি কক্ষে ঘুমিয়ে থাকা ববি বেগমকে মারধরের পর তাঁর দীর্ঘদিনের জমানো টাকা লুট করে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। হামলায় তাঁর চোখ, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাঁকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে দিবাগত রাত সোয়া একটার দিকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।


রেলওয়ে পুলিশ সূত্র জানায়, মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী ববি বেগমের ঘটনা দেশের মানুষকে নাড়া দিয়েছে। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় মামলা হওয়ার পর থেকে আসামিদের গ্রেফতারে অভিযান চলছিল। ঘটনাস্থল ও আশপাশের কিছু সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হয়। এরপর গতকাল সকাল থেকে ভৈরব রেলওয়ে থানা পুলিশ, নরসিংদীর র‍্যাব–১১ ও রেলওয়ে গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে নামে। বিকেলে স্টেশনের আশপাশ থেকে তিনজন ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা থেকে দুজনকে গ্রেফতার করা হয়।


বিবার্তা/কামরুল/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com