
প্রান্তিক খামারি, দুস্থ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের স্বাবলম্বী করতে টাঙ্গাইলে ১০টি মহিষ ও ১০০টি ছাগল বিতরণ করেছে সরকার। উপকারভোগীরা বলছেন, এ সহায়তা তাদের জীবিকা উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি করবে।
শনিবার (৪ জুলাই) বিকেলে টাঙ্গাইল শহরের নবনির্মিত জেলা প্রাণিসম্পদ দপ্তরের ভবন উদ্বোধনের পর উপকারভোগীদের হাতে মহিষ ও ছাগল তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ।
এ সময় ১০ জন প্রান্তিক উদ্যোক্তার মাঝে ১০টি মহিষ এবং ৫০ জন দুস্থ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যের মধ্যে ১০০টি ছাগল বিতরণ করা হয়। প্রতিটি ছাগলের সঙ্গে দেওয়া হয় ৫০ কেজি করে পশুখাদ্য।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের এ উদ্যোগ প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সহায়তা করবে। পাশাপাশি প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। তিনি আরও জানান, পোল্ট্রি খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে খামারিদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
উপকারভোগীরা জানান, আর্থিক সংকটের কারণে নিজেদের পক্ষে গবাদিপশু কেনা সম্ভব ছিল না। সরকারি এই সহায়তা তাদের নতুনভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, পুলিশ সুপার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]