
বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের জয় উদযাপন করতে নারীদের পোশাক থ্রি-পিস পরে নৃত্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার এক বিএনপি নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত খন্দকার আমিনুল ইসলাম মিন্টু মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।
রবিবার (৫ জুলাই) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
স্থানীয় সূত্র জানায়, বিশ্বকাপ ফুটবলে জাপানকে ২-১ গোলে হারিয়ে ব্রাজিল জয়লাভ করলে মিন্টু নারীদের থ্রি-পিস পরে প্রকাশ্যে নাচ-গানের মাধ্যমে উল্লাস প্রকাশ করেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে ওয়ার্ড বিএনপির সভাপতির পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকেও স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারাদেশ রবিবার থেকেই কার্যকর হয়েছে।
এ বিষয়ে খন্দকার আমিনুল ইসলাম মিন্টু বলেন, “ব্রাজিলের জয় উদযাপন করে আনন্দ প্রকাশ করেছি। যদি সেটি দলীয় শৃঙ্খলাবিরোধী হিসেবে বিবেচিত হয়, তাহলে দলের সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া আমার কিছু বলার নেই।”
মির্জাপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ বলেন, দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বিবার্তা/বাবু/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]