মানিকগঞ্জে ২ দিন পর আবারও মিলল মরদেহ
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ২১:৪৬
মানিকগঞ্জে ২ দিন পর আবারও মিলল মরদেহ
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় দুই দিন আগে পাটক্ষেত থেকে অটোরিকশা চালক সাকিবুল ইসলামের মরদেহ উদ্ধারের রেশ না কাটতেই আবারও পেঁপে ক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরপর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি স্থানীয়দের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।


শুক্রবার (৩ জুলাই) সকালে উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া ডাবল ব্রিজ এলাকার জনৈক সিদ্দিক মিয়ার পেঁপে ক্ষেত থেকে সামসুল হক (৪৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে সিংগাইর থানা পুলিশ। তিনি ওই এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা পেঁপে ক্ষেতে মরদেহ দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।


পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


উল্লেখ্য, মাত্র দুই দিন আগে উপজেলার বলধারা ইউনিয়নের নবগ্রাম কাশতা গোলাই এলাকার একটি পাটক্ষেত থেকে কিশোর অটোরিকশাচালক সাকিবুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। সেই ঘটনার তদন্ত চলমান থাকতেই আবারও আরেকটি মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।


সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



বিবার্তা/হাবিবুর/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com