রাতে সড়ক নির্মাণকাজের ভিডিও ধারণ, টাঙ্গাইলে সাংবাদিককে ফোনে হুমকি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ১৯:৩৭
রাতে সড়ক নির্মাণকাজের ভিডিও ধারণ, টাঙ্গাইলে সাংবাদিককে ফোনে হুমকি
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের ভূঞাপুরে রাতে সড়ক নির্মাণকাজের ভিডিও ধারণ করায় দেশটিভি ও দৈনিক ইত্তেফাকের সাংবাদিক অভিজিৎ ঘোষকে ফোনে হুমকি ও অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর কাজের সাব-ঠিকাদার ও ভূঞাপুর পৌর শ্রমিক দলের সভাপতি ফরহাদ মণ্ডলের বিরুদ্ধে।


জানা যায়, গত ১ জুলাই রাত সাড়ে ৮টার দিকে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের আওতাধীন ভূঞাপুর বাইপাস সড়কে কার্পেটিংয়ের কাজ চলছিল। সে সময় সাংবাদিক অভিজিৎ ঘোষ নির্মাণকাজের ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে শুক্রবার দুপুরে মোবাইল ফোনে সাংবাদিককে হুমকি দেন বলে অভিযোগ ওঠে।


অভিযোগ অনুযায়ী, ফোনালাপে ফরহাদ মণ্ডল সাংবাদিককে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং রাস্তায় এলে দেখে নেওয়ার হুমকি দেন।


এ বিষয়ে সাংবাদিক অভিজিৎ ঘোষ বলেন,সংবাদ সংগ্রহ করা একজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে গিয়ে এভাবে হুমকি পাওয়া অত্যন্ত উদ্বেগজনক। আমি এ ঘটনার বিচার চাই।


টাঙ্গাইল সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. সিনথিয়া আজমিরী খান বলেন, রাতে সড়ক নির্মাণকাজের ভিডিওটি আমি দেখেছি। অভিযুক্ত সাব-ঠিকাদারকে আমি চিনি না। সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং হুমকিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।



বিবার্তা/বাবু/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com