
আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
বুধবার (১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টারদিকে আশুলিয়া থানার নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযানে এসআই (নিঃ) মো. নাফিউল ইসলাম পিপিএমসহ ডিবির একটি চৌকস দল অংশ নেয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, কুমিল্লা জেলার তিতাস উপজেলার শিবপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে মো. মাসুম (২২) এবং চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথুলি গ্রামের মো. জামাল শেখের ছেলে মো. সোয়েব শেখ(২০)।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানিয়েছেন, তারা কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে পাইকারিভাবে গাঁজা সংগ্রহ করে ঢাকা-আরিচা মহাসড়ক ব্যবহার করে চুয়াডাঙ্গায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ মাদকচক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে মাদকচক্রের অন্যান্য সদস্য এবং মাদকের উৎস শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে কঠোর অবস্থান বজায় রাখা হবে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]