
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার একটি পাটক্ষেত থেকে সাকিবুল ইসলাম (১৭) নামে এক কিশোর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ব্যাটারিচালিত অটোরিকশার সূত্র ধরে অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। পরে নিহতের কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া তিনটি স্যান্ডেল জুতা গুরুত্বপূর্ণ আলামত হিসেবে জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত প্রায় ১২টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের নবগ্রাম কাশতা গোলাই এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাকিবুল ইসলাম মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা গ্রামের বাসিন্দা। তিনি রহমত ওরফে টুলুর ছেলে এবং পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নবগ্রাম কাশতা গোলাই এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশপাশে তল্লাশি চালায়। একপর্যায়ে পাশের একটি পাটক্ষেত থেকে সাকিবুলের মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, প্রথমে অটোরিকশার সূত্র ধরে তদন্ত শুরু করা হয়। পরে নিহতের কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া তিনটি স্যান্ডেল জুতা জব্দ করে আলামত হিসেবে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে স্বপন (২২) নামে এক ফার্নিচার ডিজাইনারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।
বুধবার দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপার সারওয়ার আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা তদন্তের অগ্রগতি পর্যালোচনা করে দ্রুত হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশনা দেন।
বিবার্তা/হাবিবুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]