
গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন বলেছেন, দক্ষ, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল ভিত্তি হচ্ছে মানসম্মত শিক্ষা। শিক্ষার গুণগত মান বৃদ্ধি, আধুনিক অবকাঠামো নির্মাণ ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে সরকার এবং সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে।
রবিবার (২৮ জুন) সকালে গাজীপুরের পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত চারতলা ভিতবিশিষ্ট একাডেমিক ভবনের প্রথম তলার উদ্বোধন, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, "শিক্ষাই জাতির সবচেয়ে বড় শক্তি। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে গড়ে তুলতে হবে।" তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা, ভালো ফল অর্জন এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে প্রস্তুত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,পূবাইল কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি ফাইজুল ইসলাম,অনুষ্ঠানে এইচএসসি পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেওয়া হয় এবং তাদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুর রশিদ,পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল,গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, নবনির্মিত একাডেমিক ভবন চালুর মাধ্যমে পূবাইল আদর্শ কলেজে শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে ও শিক্ষার্থীরা আধুনিক ও মানসম্মত শিক্ষা গ্রহণের আরও বিস্তৃত সুযোগ পাবে। একই সঙ্গে বিদায়ী এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
বিবার্তা/রাজিব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]