ফরিদপুরে ৫ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশতাধিক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ১৪:০৫
ফরিদপুরে ৫ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশতাধিক
ফরিদপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েকটি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশসহ অর্ধশতাধিক। এদিকে, সংঘর্ষ চলাকালে ফরিদপুর-ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।


রবিবার (২৮ জুন) সকালে উপজেলার পুখরিয়া বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষে জড়িতরা দেশীয় অস্ত্রশস্ত্র ও ইটপাটকেল নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুখরিয়া বাসস্ট্যান্ডকে কেন্দ্র করে দীর্ঘদিনের গ্রাম্য আধিপত্যের বিরোধের জেরে হামিরদী ইউনিয়নের মৌজী মহসরদী গ্রামের বাসিন্দাদের সঙ্গে মানিকদী ইউনিয়নের পুখরিয়া, ব্রাহ্মণকান্দাসহ পাঁচ গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এতে মহসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।


ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, গ্রাম্য আধিপত্যকে কেন্দ্র করে কয়েকটি গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com