
মাদকের ভয়াবহ আগ্রাসনে যখন টঙ্গীসহ বিভিন্ন এলাকায় সামাজিক অবক্ষয়, অপরাধ ও পারিবারিক অস্থিরতা বাড়ছে, তখন তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণে ব্যতিক্রমী এক মাদকবিরোধী কর্মসূচি জনমনে সাড়া ফেলেছে। বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের টঙ্গী মডেল শাখার উদ্যোগে অনুষ্ঠিত সাইকেল র্যালিতে কয়েক শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
শুক্রবার (২৬ জুন) ভোরের ব্যস্ততা শুরুর আগেই সড়কে নেমে তারা মাদকবিরোধী নানা স্লোগানে মুখর করে তোলেন টঙ্গীর রাজপথ।
ভোরের নির্মল পরিবেশে সাইকেলের সারি আর শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ অংশগ্রহণে এ আয়োজন টঙ্গীর বিভিন্ন মহলে আলোচনার সৃষ্টি করে।
আয়োজকরা বলছেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় থেকেই এ কর্মসূচির আয়োজন।
জানা যায়, ফজরের নামাজের পর থেকেই শিক্ষার্থীরা সাইকেল নিয়ে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার মাঠে জড়ো হতে থাকেন। সকাল ৬টার দিকে মাদ্রাসার প্রধান ফটক থেকে র্যালিটি শুরু হয়। পরে এটি গাজীপুরের বোর্ড বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা মাঠে এসে শেষ হয়। পুরো পথজুড়ে শিক্ষার্থীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
র্যালিতে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শরীফ মাহমুদ, জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর রহমান, ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, গাজীপুর মহানগর শিবির সভাপতি জাকির হোসেন, জেলা শিবির সভাপতি ইসমাইল পাঠান, টঙ্গী মডেল শাখা ছাত্রশিবিরের সভাপতি ও তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের ভিপি মঈনুল ইসলাম এবং জিএস মুর্তুজা হাসান ফুয়াদসহ সংগঠনের নেতৃবৃন্দ।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর রহমান বলেন, “একটি নগর শুধু রাস্তা-ঘাট ও ভবনের সমষ্টি নয়, এটি মানুষের বসবাসের জায়গা। আমি সুযোগ পেলে গাজীপুর সিটিকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও মানবিক নগর হিসেবে গড়ে তুলতে চাই। নগরীকে ফুলের মতো সাজানোর স্বপ্ন দেখি—যেখানে থাকবে পরিচ্ছন্ন পরিবেশ, নিরাপদ চলাচল এবং নাগরিকদের জন্য একটি সুস্থ জীবনযাপনের উপযোগী পরিবেশ।”
তিনি বলেন, “মাদকের ভয়াবহতা একটি সমাজকে ভেতর থেকে দুর্বল করে দেয়। বিশেষ করে যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয় মাদক। তাই মাদকমুক্ত, সুশৃঙ্খল ও নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু আইন প্রয়োগ নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।”
ড. হাফিজুর রহমান আরও বলেন, “আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তরুণ প্রজন্ম। এই যুবসমাজকে যদি সঠিক পথে পরিচালিত করা যায়, তাহলে তারাই সমাজ পরিবর্তনের নেতৃত্ব দিতে পারবে। আমরা চাই তরুণরা মাদক নয়, শিক্ষা, দক্ষতা ও সমাজসেবার সঙ্গে যুক্ত হোক।”
তিনি আরও বলেন, টঙ্গীতে মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। মাদক নিয়ন্ত্রণে শুধু খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই হবে না, এর পেছনের মূল চক্র ও সরবরাহ ব্যবস্থার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শরীফ মাহমুদ বলেন, মাদকের ভয়াবহতা সমাজের নানা স্তরে ছড়িয়ে পড়েছে। মাদকের অর্থকে কেন্দ্র করে পরিবারে পরিবারে সংঘাত ও অপরাধ বাড়ছে। মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে বাস্তবিক অর্থেই সমাজ বসবাসের অযোগ্য হয়ে পড়বে। তাই সচেতন ছাত্রসমাজকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে।
তিনি কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কর্মসূচিতে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগের নিন্দা জানিয়ে বলেন, মাদকবিরোধী সচেতনতা তৈরির উদ্যোগে বাধা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
টঙ্গী মডেল শাখা ছাত্রশিবিরের সভাপতি মঈনুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট। তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আয়োজকরা জানান, মাদক থেকে তরুণ সমাজকে দূরে রাখা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বিবার্তা/রাজিব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]