টাঙ্গাইলে এলজিইডির উন্নয়ন কর্মযজ্ঞে বদলে যাচ্ছে গ্রামীণ জনপদ
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ২১:৩৬
টাঙ্গাইলে এলজিইডির উন্নয়ন কর্মযজ্ঞে বদলে যাচ্ছে গ্রামীণ জনপদ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ডে বদলে যাচ্ছে জেলার প্রত্যন্ত এলাকার চিত্র। গ্রামীণ সড়ক উন্নয়ন, সেতু-কালভার্ট নির্মাণ, শিক্ষা অবকাঠামো, হাট-বাজার উন্নয়ন এবং ক্ষুদ্র পানি সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে প্রান্তিক মানুষের জীবনযাত্রায় এসেছে দৃশ্যমান পরিবর্তন।


জেলা এলজিইডি সূত্র জানায়, চলতি বছরের ৩১ মে পর্যন্ত টাঙ্গাইল জেলায় মোট সড়ক নেটওয়ার্কের পরিমাণ দাঁড়িয়েছে ৯ হাজার ৮২৬ দশমিক ৭০ কিলোমিটার। এর মধ্যে ২ হাজার ৯৪৬ দশমিক ৫০ কিলোমিটার সড়ক বিটুমিনাস কার্পেটিং (বিসি) দ্বারা পাকা করা হয়েছে। অবশিষ্ট ৬ হাজার ৮৮১ দশমিক ২০ কিলোমিটার কাঁচা সড়ক পর্যায়ক্রমে পাকা সড়কের আওতায় আনার পরিকল্পনা নিয়ে কাজ করছে এলজিইডি।


জেলার মোট সড়কের মধ্যে উপজেলা সড়ক ৮১৪ দশমিক ৫০ কিলোমিটার, ইউনিয়ন সড়ক ১ হাজার ৭৫ দশমিক ৪০ কিলোমিটার এবং গ্রামীণ সড়ক রয়েছে ৭ হাজার ৯৩৬ দশমিক ৮০ কিলোমিটার। পাশাপাশি জনগণের চলাচল নির্বিঘ্ন রাখতে ২৮৬ দশমিক ৭০ কিলোমিটার সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।


এলজিইডি সূত্র আরও জানায়, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা সহজ করতে বিভিন্ন সড়কে প্রায় ২ হাজার ৫০০ মিটার ব্রিজ ও কালভার্ট নির্মাণ করা হয়েছে। চলতি অর্থবছরে নতুন করে ৯৪ দশমিক ৯১৭ কিলোমিটার উপজেলা সড়ক, ৭১ দশমিক ১৭৯ কিলোমিটার ইউনিয়ন সড়ক এবং ৩৯ দশমিক ০৯১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নের কাজ এগিয়ে চলছে।


শুধু যোগাযোগ ব্যবস্থাই নয়, গ্রামীণ অর্থনীতি সচল রাখতে এলজিইডির বিভিন্ন প্রকল্পের আওতায় ১৬টি আধুনিক হাট-বাজার ও ঘাটলা নির্মাণ করা হয়েছে। এর ফলে প্রত্যন্ত এলাকার কৃষক ও উৎপাদকরা সহজেই তাদের পণ্য বাজারজাত করার সুযোগ পাচ্ছেন।


প্রাথমিক শিক্ষার প্রসারেও এলজিইডির ভূমিকা রয়েছে উল্লেখ করে সংশ্লিষ্টরা জানান, প্রাথমিক শিক্ষা অবকাঠামো ব্যবস্থাপনা ইউনিটের আওতায় দেশের অন্যান্য এলাকার মতো টাঙ্গাইলেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ ও অবকাঠামো উন্নয়ন করা হয়েছে। এসব আধুনিক বিদ্যালয় শিক্ষার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র পানি সম্পদ ব্যবস্থাপনাতেও কাজ করছে এলজিইডি। এ পর্যন্ত ১২ কিলোমিটার খাল এবং ৫টি সরকারি দিঘি-পুকুর পুনঃখনন করা হয়েছে। এছাড়া স্লুইসগেট ও সেচ উপ-প্রকল্পসহ দুটি বড় অবকাঠামোর কাজ সম্পন্ন হয়েছে এবং আরও একটি প্রকল্পের কাজ চলমান রয়েছে।


টাঙ্গাইল শহরের ডিসি অফিস-এলজিইডি মোড় (বৈল্লা) সড়ক পুনর্নির্মাণে সাধারণ মানুষের দুর্ভোগ কমেছে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন অবহেলিত থাকা সড়কটি সংস্কারের ফলে এখন যানবাহন চলাচল ও সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ হয়েছে।


ধনবাড়ী উপজেলার মুশুদ্দী-ঝোপনা সড়কে ব্রিজ নির্মাণের ফলে স্থানীয় কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয়েছে। আগে যেখানে কয়েক কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হতো, এখন সরাসরি চলাচল করা যাচ্ছে। এতে কৃষিপণ্য, পোল্ট্রি সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন সহজ হয়েছে।


বাসাইল উপজেলার ঝিনাই নদীর ওপর নির্মিত ব্রিজও স্থানীয়দের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। এতে দাপনাজোর এলাকার পর্যটনকেন্দ্রসহ বিভিন্ন স্থানে যাতায়াত সহজ হয়েছে। পাশাপাশি শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষের চলাচলেও এসেছে স্বস্তি।


টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান বলেন,গ্রামীণ অবকাঠামোর টেকসই উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নই এলজিইডির মূল লক্ষ্য। চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন হলে জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।


তিনি আরও বলেন, এলজিইডির উন্নয়ন কর্মকাণ্ডের ফলে কৃষি ও অকৃষি পণ্যের উৎপাদনকারী, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সহজ যোগাযোগ সুবিধা পাচ্ছেন। কম খরচে দ্রুত সময়ে পণ্য বাজারজাত করতে পারায় তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com