
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর উচ্চ বিদ্যালয়ের নলকূপের পানি পান করে বিষক্রিয়াজনিত অসুস্থ হওয়া শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছুটে গেছেন নাগরপুর-দেলদুয়ার আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।
জাতীয় সংসদের অধিবেশন শেষ করেই তিনি অসুস্থ শিক্ষার্থীদের শারীরিক খোঁজখবর নিতে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এসময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী মনোয়ার মুকুল।
হাসপাতালে গিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদীরের কাছ থেকে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবগত হন এমপি লাভলু। পরে তিনি শিক্ষার্থীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে এমপি লাভলু বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মামুদনগর উচ্চ বিদ্যালয়ের মোট ৪০ জন শিক্ষার্থী নলকূপের পানি পান করে অসুস্থ হয়ে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে ৩১ জনকে ভর্তি করা হয়। বর্তমানে ২৯ জন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গুরুতর অসুস্থ দুই শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া কয়েকজন শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে বিশ্রামে রয়েছে।
রাতে এমপি রবিউল আওয়াল লাভলু যখন হাসপাতালে গিয়ে শিক্ষার্থীদের খোঁজখবর নেন, তখন হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভর্তি থাকা সব শিক্ষার্থীই শঙ্কামুক্ত রয়েছে। তাদের অবস্থার উন্নতি হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে সকালে অনেককে ছাড়পত্র দেওয়া হতে পারে।
বিবার্তা/ইমরুল/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]