
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর উচ্চ বিদ্যালয়ের নলকূপের পানি পান করে বিষক্রিয়ায় অন্তত ৩১ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। তাদের মধ্যে ২৯ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর অসুস্থ দুই শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে মামুদনগর ইউনিয়নের মামুদনগর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের নলকূপের পানি পান করার পর কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে একে একে আরও শিক্ষার্থী অসুস্থ হলে বিষয়টি জানাজানি হয়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকরা তাদের চিকিৎসা দেন। আরও পাঁচ শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয়দের ধারণা, কৃষিজমিতে ব্যবহৃত তরল কীটনাশক কোনোভাবে নলকূপের পানিতে মিশে যাওয়ায় এ বিষক্রিয়ার ঘটনা ঘটতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন, শিক্ষা কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত তদন্ত করে দায়ীদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে বিদ্যালয়ের নলকূপের পানিতে বিষক্রিয়ার ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটন এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]