টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৯:০৮
টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় পুকুরের পানিতে ডুবে চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে।


শুক্রবার (১৯ জুন) দুপুরে উপজেলার আটিয়া ইউনিয়নের নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন, নাল্লাপাড়া গ্রামের রিপন চৌধুরীর ছেলে আব্দুর রহমান (১২) এবং একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে ফয়সাল (৭)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।


স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দুই শিশু সাইকেল নিয়ে নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলতে যায়। খেলা শেষে তারা বিদ্যালয়সংলগ্ন একটি দোকান থেকে কলা খেয়ে পাশের পুকুরে গোসল করতে নামে। ধারণা করা হচ্ছে, গোসলের সময় প্রথমে ফয়সাল পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে আব্দুর রহমানও পানিতে ডুবে যায়।


একপর্যায়ে পথচারীরা পুকুরে একটি শিশুকে ভাসতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়রা দ্রুত দুজনকে উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


আটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিক জানান, নিহত দুই শিশুর বাড়ি বিদ্যালয়ের পাশেই। প্রতিদিনের মতো খেলতে গিয়ে তারা এ দুর্ঘটনার শিকার হয়। ছোট ফয়সালকে বাঁচাতে গিয়ে আব্দুর রহমানও প্রাণ হারায়।


দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই শিশুর মরদেহ থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


এ মর্মান্তিক ঘটনায় নাল্লাপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। দুই শিশুর স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com