
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জনগণের জীবনমান উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি এলাকায় নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য।
শুক্রবার (১৯ জুন) বেলা ১১টায় টাঙ্গাইল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঈদগা মাঠ সংলগ্ন এলাকায় পানি সরবরাহ ব্যবস্থা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন উচ্চ জলাধারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়ন করা হচ্ছে। এসব প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত হবে।
তিনি বলেন, টাঙ্গাইল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ও আশেকপুর বাইপাস এলাকায় নির্মাণাধীন ওভারহেড পানির ট্যাংক চালু হলে স্থানীয় বাসিন্দারা নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ সুবিধা পাবেন। এটি জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইলকে উন্নত ও আধুনিক শহর হিসেবে গড়ে তোলার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সে অনুযায়ী উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। আমি নিজে কোনো অন্যায় করব না এবং কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না।
এর আগে প্রতিমন্ত্রী আশেকপুর বাইপাস এলাকায় আরও একটি ওভারহেড পানির ট্যাংক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, টাঙ্গাইল পৌরসভার পানি সরবরাহ ব্যবস্থা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুইটি ভূ-গর্ভস্থ পানি শোধনাগার এবং দুইটি উচ্চ জলাধার নির্মাণ করা হচ্ছে। প্রকল্প বাস্তবায়নের পর পৌরসভার ৪, ৫, ৬, ১৫, ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডে প্রায় ১৪ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ করা হবে।
প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৯টি উৎপাদক নলকূপ স্থাপন কাজ সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্টদের আশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে টাঙ্গাইল পৌর এলাকার দীর্ঘদিনের পানি সংকট অনেকাংশে কমবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও টাঙ্গাইল পৌরসভার প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার মো. আদিবুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. রাইসুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর থানার ওসি মো. রুহুল আমীন প্রমুখ।
বিবার্তা/ইমরুল/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]