
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপির নাম ব্যবহার করে বাংলাদেশ পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে মো. এরশাদ আকন্দ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা উপজেলার অর্জুনা বাজার এলাকায় পুলিশের শাহবাগ থানা ও ভূঞাপুর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতারকরা হয়। গ্রেফতারকৃত এরশাদ ওই এলাকার ফটিক আকন্দের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় বুধবার (১৭ জুন) রাতে রাজধানীর শাহবাগ থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলা উপজেলার খাষ ঘুনিপাড়া গ্রামের বাসিন্দা মো. রাজা মন্ডল (৪৫)। মামলার নম্বর-২৮।
মামলার এজাহার অনুযায়ী, রাজা মন্ডলের ছেলে নাসির মন্ডল একজন এইচএসসি শিক্ষার্থী। পরিচিত এক ব্যক্তির মাধ্যমে এরশাদ আকন্দের সঙ্গে তাদের পরিচয় হয়। একপর্যায়ে এরশাদ নিজেকে প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ পরিচয় দিয়ে নাসিরকে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে চাকরি দেওয়ার আশ্বাস দেন।
অভিযোগে বলা হয়, চাকরি দেওয়ার বিনিময়ে এরশাদ ১২ লাখ টাকা দাবি করেন। পরে গত ৪ মে রাজধানীর শাহবাগ এলাকার একটি হোটেলের রেস্টুরেন্টে রাজা মন্ডলের কাছ থেকে নগদ ৮ লাখ ৪১ হাজার টাকা গ্রহণ করেন। বাকি অর্থ চাকরি হওয়ার পর পরিশোধ করার কথা ছিল।
কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে চাকরির কোনো ব্যবস্থা না হওয়ায় ভুক্তভোগী টাকা ফেরত চাইলে অভিযুক্ত বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে তিনি যোগাযোগ বন্ধ করে দেন। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে রাজা মন্ডল থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল গাফফার হিমেল জানান, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির নাম ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আরও কোনো অভিযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরশাদ আকন্দ অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]