
মানিকগঞ্জের সিংগাইরে কৃষিজমির উর্বর মাটি কেটে পরিবেশ ও কৃষির ক্ষতি করে আসা মাটি খেকো চক্রের বিরুদ্ধে মধ্যরাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া একটি এস্কেভেটর অকার্যকর এবং দুটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।
বুধবার (১৭ জুন) দিবাগত রাত সাড়ে ১১টা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত উপজেলার চারিগ্রাম ও চান্দহর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন।
প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি কেটে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। স্থানীয়দের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার নবাবগঞ্জ উপজেলার দুধঘাটা এলাকার বাবুল মোল্লার ছেলে পারভেজ মোল্লা (৩০) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর অকার্যকর করা হয়। পাশাপাশি মাটি পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক্টর জব্দ করে পুলিশ হেফাজতে দেয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন বলেন, কৃষিজমির উর্বর মাটি কেটে পরিবেশ ও কৃষির ক্ষতি করার সুযোগ কাউকে দেওয়া হবে না। এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে প্রশাসনের এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের আশা, নিয়মিত অভিযান পরিচালিত হলে অবৈধ মাটি কাটা বন্ধ হবে এবং কৃষিজমি ও পরিবেশ সুরক্ষিত থাকবে।
বিবার্তা/হাবিবুর/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]