
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় প্রান্তিক নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর মাইক্রোফিন্যান্স কর্মসূচির উদ্যোগে উপজেলার ২৫ জন প্রান্তিক নারীর মাঝে উন্নত জাতের ২৫০টি হাঁসের বাচ্চা বিনামূল্যে বিতরণ করা হয়।
সোমবার (১৫ জুন) দুপুরে বাসাইলে ব্র্যাক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কর্মসূচির আওতায় প্রতিটি সুবিধাভোগী পরিবারকে ১০টি করে হাঁসের বাচ্চা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হীরা মিয়া। তিনি অংশগ্রহণকারী নারীদের বৈজ্ঞানিক পদ্ধতিতে হাঁস পালন, রোগবালাই প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা এবং সময়মতো টিকাদান বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর সরকার হাসান ওয়াইজ এবং এরিয়া ম্যানেজার মো. শহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাকের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাউছার আহমেদসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা বলেন, হাঁস পালন গ্রামীণ নারীদের জন্য একটি লাভজনক ও টেকসই আয়ের উৎস হতে পারে। এ ধরনের সহায়তা ও প্রশিক্ষণের মাধ্যমে নারীরা পরিবারে অর্থনৈতিক অবদান রাখার পাশাপাশি নিজেদের স্বাবলম্বী হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন।
অনুষ্ঠান শেষে ২৫ জন নারীকে প্রশিক্ষণ প্রদান করা হয় এবং তাদের প্রত্যেকের হাতে ১০টি করে উন্নত জাতের হাঁসের বাচ্চা তুলে দেওয়া হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ সুবিধাভোগী পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]