হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১২:১২
হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর কালুখালীতে পাটের খেত থেকে হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মো.আসাদুজ্জামান (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সে মীর মশাররফ হোসেন কলেজের স্নাতক ৩য় বর্ষের ছাত্র। পড়ালেখার পাশাপাশি সে বাবার সাথে মাঠে কৃষিকাজ করতো।


সোমবার (১৫ জুন) সকাল ৮ টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের পাট খেত থেকে অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করা হয়।


নিহত আসাদুজ্জামান কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বিল মানুষমারি গ্রামের মো. শাহজাহান মন্ডলের ছেলে।


পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার (১৪ জুন) বাদ আসর বাড়ি থেকে বের হওয়ার পর আসাদুজ্জামান নিখোঁজ হন। পরবর্তীতে রাত ৮টার দিকে সে তার সৌদি প্রবাসী দুলাভাইয়ের কাছে মুঠোফোনে জরুরি ৫ হাজার টাকা লাগবে বলে জানায়। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আজ সোমবার (১৫ জুন) সকালে স্থানীয় কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশ ও পরিবারকে খবর দেয়।


হত্যাকাণ্ডের এই নৃশংসতায় পুরো এলাকাবাসী স্তব্ধ ও শোকাহত। নিহতের ফুপাতো ভাই মো. হাফিজুল ইসলাম এবং স্থানীয় বাসিন্দা রাসেল মোল্লা জানান, "আসাদুজ্জামান অত্যন্ত নম্র ও ভালো স্বভাবের ছেলে ছিল। এলাকায় বা গ্রামের কারও সাথে তার কোনো ধরনের বিবাদ বা শত্রুতা ছিল না। তাকে এভাবে কেন মরতে হলো, আমরা ভেবে পাচ্ছি না।" তারা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


কালুখালী থানার অফিসার ইনচার্জ জানান, "এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও নৃশংস ঘটনা। একটি পাটক্ষেতের পাশ থেকে হাত-পা বাঁধা ও অগ্নিদগ্ধ অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং আশা করছি খুব দ্রুতই অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।"


বিবার্তা/মিঠুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com