সিদ্ধিরগঞ্জে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ২১:২৪
সিদ্ধিরগঞ্জে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে ভাই-বোনসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।


শনিবার (১৩ জুন) দুপুরে দক্ষিণ কদমতলী নাভানা ভুইয়া সিটি এলাকায় এ ঘটনা ঘটে।


নিহতরা হলো- দক্ষিণ কদমতলী এলাকার বাসিন্দা সবজি বিক্রেতা আকরাম মিয়ার ছেলে গালিব (১৮), মেয়ে সুরাইয়া আক্তার (১২) এবং তাদের ভগ্নিপতি রাশেদুজ্জামান (২২)।


নিহত রাশেদুজ্জামানের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মনাগ গ্রামে। স্বজনদের ভাষ্য, জীবিকার তাগিদে কাজের সন্ধানে গত এক সপ্তাহ আগে তিনি নারায়ণগঞ্জে এসেছিলেন।


পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে সজবি বিক্রেতা আকরাম মিয়া, তার দুই ছেলে-মেয়ে গালিব, সুরাইয়া এবং বড় মেয়ের জামাতা রাশেদুজ্জামানকে নিয়ে গোসল করতে লেকের পানিতে নামেন। এক পর্যায়ে গালিব ও সুরাইয়া পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে শ্যালক-শালিকাকে খুঁজতে গিয়ে পানির গভীরে নামলে তাদের ভগ্নিপতি রাশেদুজ্জামানও তলিয়ে যান। প্রায় আধ ঘণ্টা খোঁজাখুঁজির পর তিনজনের কোন খোঁজ না পেয়ে পরিবারের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন।


পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লেকে তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে একে একে তিনজনের লাশ উদ্ধার করে।


এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান সময় সংবাদকে বলেন, পরিবারের সদস্যদের মাধ্যমে জানতে পেরেছি নিহত তিনজনই সাঁতার জানতেন। তবে ধারণা করা হচ্ছে, দুই ভাই-বোন লেকের পানিতে ডুব দিয়ে এপার থেকে ওপারে যাওয়ার চেষ্টা করেছিল। লেকের পানির নীচে ফাউন্ডেশন ও পিলার থাকায় হয়তো কোথাও তারা আটকে গিয়েছিল। তাদের খুঁজতে গিয়ে ভগ্নিপতিও একইভাবে আটকা পড়েন। এভাবেই তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।


তবে পরিবারের কোন অভিযোগ না থাকায় তিনজনের মরদেহ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান থানা পুলিশের এই কর্মকর্তা।


এর আগে ঠিক এক মাস আগে ১২ মে ডিএনডি'র এই লেকের পালিতে ডুবে মনিরুল (১৫) ও শুভ (১৫) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছিল।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com