
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ভাসানী হলের সংস্কার ও সংরক্ষণে দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শুক্রবার(১২ জুন) সকালে টাঙ্গাইল শহরের জরাজীর্ণ ভাসানী হল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আশ্বাস দেন।
প্রতিমন্ত্রী বলেন, ভাসানী হল টাঙ্গাইলের একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ স্থাপনা। টাঙ্গাইলের সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে জড়িত মানুষের জন্য এটি দীর্ঘদিনের একটি স্মৃতিবাহী কেন্দ্র। অথচ বর্তমানে এটি অবহেলায় পড়ে আছে। মাওলানা ভাসানী বাংলাদেশের ইতিহাসে এক অনন্য নেতৃত্বের প্রতীক। তাঁর স্মৃতিবিজড়িত এই স্থাপনাকে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করা আমাদের দায়িত্ব।
তিনি আরও বলেন,এই মিলনায়তনটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উদ্বোধন করেছিলেন। একসময় টাঙ্গাইলকে সাংস্কৃতিক নগরী হিসেবে পরিচিত করা হতো। সেই শহরে এমন একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকবে, তা মেনে নেওয়া যায় না। ইতোমধ্যে আমরা প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছি। দ্রুততম সময়ের মধ্যে সংস্কারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
টাঙ্গাইলকে একটি আধুনিক ও মডেল জেলা হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
পরিদর্শনকালে গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/বাবু /এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]